স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন দুলালকে গ্রেপ্তার করেছে কোনাবাড়ী থানা পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পূর্বের একটি রাজনৈতিক মামলায় আদালতে হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়।

জিএমপি কোনাবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে কোনাবাড়ী এলাকা থেকে দেলোয়ার হোসেন দুলালকে গ্রেপ্তার করে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মো. দেলোয়ার হোসেন দুলাল দীর্ঘকাল ধরে রাজনীতির সাথে যুক্ত এবং আওয়ামী লীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি গাজীপুর সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, একই ওয়ার্ড আওয়ামী লীগের ৩ নম্বর সদস্য এবং কোনাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ছিলেন।

তিনি সাবেক মেয়র আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমের সাথে আওয়ামী লীগের রাজনীতির পাশাপাশি সিটির ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়ে ওই ওয়ার্ডে—বিশেষ করে রাস্তাঘাটের ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছেন। অথচ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে বিএনপি ট্যাগ লাগিয়ে দল থেকে বহিষ্কার করা হয় বলে অভিযোগ রয়েছে।
আওয়ামী লীগের রাজনীতি করার কারণে তাকে ৫ আগস্টের পরের মামলায় জেলেও যেতে হয়েছে। দেলোয়ার হোসেন দুলাল এ নিয়ে দুইবার কারাভোগ করলেন এবং বিভিন্ন মামলার শিকার হয়েছেন। তা সত্ত্বেও তাকে দলীয় পদ থেকে সরিয়ে দেওয়া এবং বহিষ্কার করার বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।

স্থানীয় রাজনীতির এক বিপরীত চিত্রও এতে উঠে এসেছে। অভিযোগ রয়েছে, যারা একসময় বিএনপি থেকে এসে বর্তমানে আওয়ামী লীগে পদ-পদবিতে বহাল আছেন এবং গোপনে বিরোধীদের সাথে যোগাযোগ রেখে গত নির্বাচনগুলোতে ভিন্ন ভূমিকা পালন করেছেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা বা হামলা হয়নি। তারা দিব্যি বহাল তবিয়তে থাকলেও দলের দুঃসময়ে জেল খাটা ও মামলার শিকার নিবেদিতপ্রাণ নেতাদের বিরুদ্ধে এমন বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।
বর্তমানে দেলোয়ার হোসেন দুলালের গ্রেপ্তারের পর স্থানীয় রাজনৈতিক মহলে এই বৈষম্য ও দ্বিমুখী নীতি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।




