স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কোনাবাড়ী আমবাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. সালাহ উদ্দিনের বিরুদ্ধে সরকারি দায়িত্বে অবহেলা, ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা, ওষুধ কোম্পানির কাছ থেকে অনৈতিক সুবিধা গ্রহণসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সরকারি কর্মস্থলের পাশেই ‘আধুনিক ডেন্টাল কেয়ার’ নামে একটি প্রতিষ্ঠানে ব্যক্তিগত চেম্বার খুলেছেন সালাহ উদ্দিন। সেখানে সাইনবোর্ডে নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে নিয়মিত রোগী দেখেন তিনি। তাঁর এমবিবিএস ডিগ্রি নেই বলেও অভিযোগকারীরা দাবি করেছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে খোঁজ নিয়ে জানা যায়, সরকারি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সেবা নিতে আসা কিছু রোগীকে বিকেলে তাঁর ব্যক্তিগত চেম্বারে যাওয়ার পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। ওই চেম্বারে রোগীপ্রতি ২০০ টাকা ফি নেওয়া হয় বলেও দাবি করেছেন কয়েকজন ভুক্তভোগী।
অভিযোগ রয়েছে, একটি ওষুধ কোম্পানির ওষুধ ব্যবস্থাপত্রে লেখার বিনিময়ে তিনি উপহার হিসেবে একটি মোটরসাইকেল গ্রহণ করেন। পরে মোটরসাইকেলটি বিক্রি করে দেন বলেও অভিযোগকারীরা জানিয়েছেন। এ ছাড়া বিভিন্ন ওষুধ কোম্পানির কাছ থেকে মাসিক অর্থ ও অন্যান্য সুবিধা নিয়ে ব্যবস্থাপত্রে তাদের ওষুধ লেখার অভিযোগও তাঁর বিরুদ্ধে।
সরকারি কেন্দ্রে বিনামূল্যে ওষুধ না পাওয়ার অভিযোগ তুলে কয়েকজন সেবাপ্রার্থী ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, ওষুধ চাইলে তাঁদের বিকেলে ব্যক্তিগত চেম্বারে যোগাযোগ করতে বলা হয়।
অভিযোগকারীদের আরও দাবি, সাধারণ ঠান্ডা-জ্বরের চিকিৎসা নিতে গেলেও রোগীদের বিভিন্ন পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়। কোনাবাড়ীর একটি নির্দিষ্ট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করানোর জন্য রোগীদের পাঠিয়ে কমিশন নেওয়ার অভিযোগও রয়েছে।
সালাহ উদ্দিন সরকারি কর্মঘণ্টায় রোগীদের সেবা না দিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের সঙ্গে সময় কাটান বলেও অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া শিশুদের গুঁড়া দুধ বিপণনকারী প্রতিষ্ঠানের কাছ থেকে কমিশন নিয়ে নির্দিষ্ট দোকান থেকে গুঁড়া দুধ কিনতে রোগীদের বাধ্য করার অভিযোগও উঠেছে।
অভিযোগ রয়েছে, পরিবার নিয়ে বসবাসের জন্য বরাদ্দ দেওয়া সরকারি কোয়ার্টারে তিনি নিজে বসবাস না করে স্ত্রী-সন্তানদের গ্রামের বাড়িতে পাঠিয়ে সেখানে অন্যদের সাবলেট ভাড়া দিয়েছেন। এভাবে নিয়মবহির্ভূতভাবে অর্থ উপার্জনের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। এ ঘটনায় পাশের এক নারী কর্মচারীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একটি ওষুধ কোম্পানির এক প্রতিনিধি দাবি করেন, চলতি বছরে সালাহ উদ্দিন ৫০ হাজার টাকার উপহার ভাউচার গ্রহণ করেছেন। তাঁর দাবি, দেশের বড় বড় ওষুধ কোম্পানির কাছ থেকে সালাহ উদ্দিন মাসে প্রায় এক লাখ টাকার বেশি অর্থ ও অন্যান্য সুবিধা পেয়ে থাকেন। ওই প্রতিনিধি আরও দাবি করেন, মোটরসাইকেলটির নিবন্ধন না থাকায় সেটি বিক্রি করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে মো. সালাহ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে গাজীপুর জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক সানাউল্লাহ নুরী বলেন, সালাহ উদ্দিনের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করার সুযোগ নেই। দাপ্তরিক দায়িত্বের বাইরে তাঁর চিকিৎসাসেবা দেওয়ার বিষয়টি আইনসম্মত নয়। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।





