সর্বশেষ
কোনাবাড়ীর সাবেক কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন দুলাল গ্রেপ্তার
সিলেটে রনজিতের গোপন সভা, আটক ৪
সম্মানসূচক অস্কার পেলেন গ্লেন ক্লোজ ও রিডলি স্কট
মালয়েশিয়ায় রেল যোগাযোগ ঘিরে পূর্বাঞ্চলে বিনিয়োগের সম্ভাবনা
২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চাইলেন রেস্তোরাঁ মালিক
সোনিয়া গান্ধীর দৃষ্টিতে শেখ হাসিনা নির্বাসিত জীবন, সংগ্রাম ও ফিরে আসার ইঙ্গিত
সরকারি কর্মচারীদের জন্য ২ মাসের বেতনের সমপরিমাণ বিশেষ আর্থিক সহায়তার ঘোষণা দিল সেলাঙ্গর রাজ্য সরকার
মালয়েশিয়ায় অবৈধ অনলাইন কর্মকাণ্ডের অভিযোগে ২২ বিদেশি আটক
গাজীপুর জেলা পরিষদে ১৫০ উপকারভোগীর মাঝে অনুদান ও উন্নয়ন প্রকল্পের চেক বিতরণ
কোনাবাড়ী থানার ওসির বিরুদ্ধে বিয়ের প্রলোভনে ধর্ষণের লিখিত অভিযোগ
ডিসেম্বরে নির্বাসন থেকে দেশে ফিরবেন শেখ হাসিনা, এপি’র সাক্ষাৎকার
গাজীপুরের কোনাবাড়ীতে মশার কয়েল থেকে অগ্নিকান্ড: ১০ লাখ টাকার সম্পদ রক্ষা
গাজীপুরে স্বামী ও সতীনের বিরুদ্ধে বৃদ্ধার নির্যাতনের অভিযোগ
গাজীপুরের কোনাবাড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের উপ-সহকারী সালাহ উদ্দিনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
গাজীপুরের সফিপুর বাজারে বর্জ্যের পাহাড়, উড়ালসড়কের নিচে ঢাকা পড়ছে জনজীবন

সিলেটে রনজিতের গোপন সভা, আটক ৪

আগাম তথ্য পেয়েও সমাবেশ ঠেকাতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী

বিশেষ প্রতিবেদক, সিলেট

শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া করে রাজনৈতিক সমাবেশ আয়োজনের অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল এলাকায় আয়োজিত ওই সভায় ভারতের সীমান্ত পেরিয়ে সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার অংশ নেন বলে দাবি স্থানীয় সূত্রের। সেখানে প্রায় ৬ মিনিট ৩৩ সেকেন্ড বক্তব্য দেওয়ার পর তিনি আবার ভারতে ফিরে যান বলেও সূত্রটির দাবি।

এ ঘটনায় তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সমাবেশের বিষয়টি সামনে আসে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সভার আয়োজনস্থল ‘সোহেল স্কয়ার ইকো রিসোর্ট’ বুধবার ভোরে বন্ধ করে দেওয়া হয়েছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে, যাঁদের মধ্যে রিসোর্টের দুই কর্মী রয়েছেন।

গোয়েন্দা সূত্রের দাবি, গত এক থেকে দেড় মাস ধরে সিলেট নগরীর বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গোপন জমায়েত চলছিল। এ বিষয়ে আগাম তথ্য থাকার পরও সমাবেশটি কীভাবে অনুষ্ঠিত হলো, তা নিয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে।

শিক্ষা সফরের আড়ালে সমাবেশ

স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, রোববার সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুল এলাকায় অবস্থিত সোহেল স্কয়ার ইকো রিসোর্টটি ভাড়া নেওয়া হয়। রোকন নামের এক আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি বুকিং করেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়।

খাওয়াদাওয়ার আয়োজন শেষে সেখানে উপস্থিত হন সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার। স্থানীয় সূত্রের দাবি, তিনি ভারত থেকে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন এবং সভায় বক্তব্য দেন। বক্তব্য শেষে একই পথে ভারতে ফিরে যান। তবে তাঁর সীমান্ত পারাপারের বিষয়ে সংশ্লিষ্ট বিজিবি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বুধবার সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম জানান, রিসোর্টে রাজনৈতিক সমাবেশের তথ্য পাওয়া গেছে। আটক তারা মিয়াকে জিজ্ঞাসাবাদে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সভায় কারা উপস্থিত ছিলেন, সে সম্পর্কেও তিনি পুলিশকে জানিয়েছেন।

ফেসবুকে বক্তব্য, বাড়িতে অগ্নিসংযোগ

সোমবার নিজের ফেসবুক আইডিতে একটি সমাবেশে দেওয়া বক্তব্য প্রকাশ করেন রনজিত সরকার। ওই বক্তব্যে তিনি বর্তমান বিএনপি সরকারের সমালোচনা করেন। একই রাতে সিলেট নগরীর গোপালটিলায় তাঁর বাড়িতে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মিয়া রাতারগুলের সভা সম্পর্কে তথ্য দেন। পরে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

এদিকে একটি বিশেষায়িত গোয়েন্দা সূত্রের দাবি, গত দেড় মাস ধরে সুনামগঞ্জের বিভিন্ন থানার মামলার পলাতক আসামিদের সিলেট নগরীর কয়েকটি ভাড়া বাসায় জড়ো করা হচ্ছিল। সুনামগঞ্জ সদর, তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা এলাকার মামলার আসামিদের এসব স্থানে অবস্থানের তথ্য পাওয়া গেছে বলে দাবি সূত্রটির।

গোয়েন্দা সূত্র আরও জানায়, নগরীর কয়েকটি আবাসিক এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়মিত যাতায়াত ছিল। কোনো কোনো রাতে সেখানে ৫০ থেকে ৬০ জনের জমায়েত হওয়ার তথ্যও তাদের কাছে রয়েছে।

রাতারগুলের সমাবেশের তথ্য প্রকাশ্যে আসার পর সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করতে অভিযান শুরু করে পুলিশ। সুনামগঞ্জ জেলা পুলিশের তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা থানার একাধিক দল আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বাড়িতে অভিযান চালিয়েছে। সভায় রনজিত সরকারের পেছনে ব্যানার ধরে থাকা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ওমর ফারুককেও খুঁজছে পুলিশ।

এ বিষয়ে বক্তব্য জানতে মঙ্গলবার ও বুধবার কয়েক দফায় সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সরকারি নম্বরে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি।

বিএনপির হাইকমান্ডের একটি সূত্রের দাবি, আগাম তথ্য থাকার পরও কীভাবে ওই সমাবেশ অনুষ্ঠিত হলো, তা খতিয়ে দেখছে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ ঘটনায় সিলেট রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশের ভূমিকা নিয়েও পর্যালোচনা চলছে বলে জানিয়েছে সূত্রটি।

গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক মোড়ল বলেন, পর্যটকবাহী বাসে শিক্ষা সফরের ব্যানার ব্যবহার করে রিসোর্টটি ভাড়া নেওয়া হয়েছিল। সেখানে গোপন সভার আয়োজন করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল জানান, বুধবার এখলাছুর রহমান তারা মিয়াকে সুনামগঞ্জ সদর মডেল থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে মধ্যনগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা রয়েছে। রনজিত সরকারের সমাবেশের সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি তিনি স্বীকার করেছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সিলেটে ঝটিকা মিছিল, ছাত্রলীগের তিন কর্মী আটক

এদিকে রনজিত চন্দ্র সরকারের নির্দেশনায় ঝটিকা মিছিল করার অভিযোগে সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর টিলাগড় এলাকায় অভিযান চালিয়ে শাহপরাণ (রহ.) থানা পুলিশ তাঁদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন মোহিন উদ্দিন, মাহিন মিয়া ও মকবুল হোসেন নাহিদ। পুলিশ জানিয়েছে, তাঁদের কাছ থেকে বাঁশের লাঠি, কাঠের বাটাম, ইটের টুকরা, পোড়া টায়ার ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা রনজিত সরকারের টেলিফোনে দেওয়া নির্দেশে মিছিলে অংশ নেওয়ার কথা জানিয়েছেন।

সম্পর্কিত খবর

এই পাতার আরও খবর

সর্বশেষ