গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকার ‘বাংলার রাঁধুনী’ রেস্তোরাঁর স্বত্বাধিকারী মোহাম্মদ হাবিবুর রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে মানহানিকর প্রচারণা এবং সমঝোতার নামে ডেকে নিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলেছেন। এসব ঘটনায় তিনি পৃথক দুটি মামলা করেছেন। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সাংবাদিকদের কাছে দেওয়া এক লিখিত বক্তব্যে হাবিবুর রহমান এসব অভিযোগ তুলে ধরেন। তিনি বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির গাজীপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক।
লিখিত বক্তব্যে হাবিবুর রহমান জানান, গত ১০ আগস্ট ঢাকা মহানগর আদালত-৯-এ ৬৭০/২৬ নম্বর মামলা দায়ের করেন তিনি। তাঁর দাবি, মামলার শুরুতে আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে আসামিরা সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের সঙ্গে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করলে আদালত বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা মুচলেকায় আগামী ২৪ তারিখ পর্যন্ত জামিন দেওয়া হয় বলে তিনি জানান।
এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও মানহানিকর ভিডিও প্রতিবেদন প্রকাশের অভিযোগে গত ৭ অক্টোবর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে ৪৭৭/২৬ নম্বর আরেকটি মামলা করেন হাবিবুর রহমান। তাঁর ভাষ্য অনুযায়ী, মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তদন্ত করছে।
হাবিবুর রহমানের অভিযোগ, ব্যবসায়িক বিরোধ ও ব্যক্তিগত স্বার্থকে কেন্দ্র করে প্রায় সাত বছর ধরে পার্শ্ববর্তী ব্যবসায়ী মোহাম্মদ রেজানুর ইসলাম এবং মেহেদী হাসান নামের এক ব্যক্তির সঙ্গে তাঁর বিরোধ চলছে। বিভিন্ন সরকারি দপ্তরে অভিযোগ, থানায় মামলা এবং নানাভাবে হয়রানির চেষ্টা ব্যর্থ হওয়ার পর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন সংবাদমাধ্যমে তাঁকে নিয়ে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, বিভিন্ন সংবাদপোর্টাল ও পত্রিকার নাম ব্যবহার করে তাঁর পাশাপাশি বন্ধু, স্বজন ও পরিচিত ব্যক্তিদের ছবি যুক্ত করে আপত্তিকর ও মানহানিকর প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। গত দুই মাসে তাঁকে ও তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে প্রায় ৬০ থেকে ৭০টি প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলেও দাবি করেন তিনি। এসব প্রতিবেদন ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানোর অভিযোগও করেন এই ব্যবসায়ী।
লিখিত বক্তব্যে হাবিবুর রহমানের আরও অভিযোগ, সমঝোতার প্রস্তাব দিয়ে তাঁকে নির্দিষ্ট স্থানে ডেকে নেওয়া হয়। সেখানে তাঁর কাছে ২০ লাখ টাকা দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে তিনি আইনি পদক্ষেপ নিয়েছেন বলে জানান।
গণমাধ্যমের স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে হাবিবুর রহমান বলেন, স্বাধীন সাংবাদিকতার বিরোধিতা তাঁর অবস্থান নয়। তবে তথ্য-প্রমাণ ছাড়া সংবাদ প্রকাশ, ব্যক্তিগতভাবে কাউকে হেয় করা কিংবা গণমাধ্যমের পরিচয় ব্যবহার করে হয়রানি গ্রহণযোগ্য নয়। প্রকাশিত প্রতিবেদনগুলোর সত্যতা যাচাই করে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় তিনি অপপ্রচার ও মানহানির অভিযোগ, চাঁদা দাবির ঘটনা এবং দায়ের করা মামলাগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। পাশাপাশি অভিযোগে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেন।
দীর্ঘ ১৮ বছর ধরে ব্যবসা পরিচালনা করছেন উল্লেখ করে হাবিবুর রহমান বলেন, কারও সঙ্গে বিরোধে জড়ানো তাঁর উদ্দেশ্য নয়। নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনা, নিজের ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষা এবং ন্যায়বিচার পাওয়াই তাঁর প্রত্যাশা।




