আন্তর্জাতিক ডেস্ক | ঢাকা ডায়েরি
মালয়েশিয়ার পূর্বাঞ্চলে শিল্পায়ন, পর্যটন ও বাণিজ্য সম্প্রসারণে বড় ভূমিকা রাখতে পারে দেশটির ইস্ট কোস্ট রেল লিংক (ইসিআরএল) প্রকল্প। নতুন এই রেল যোগাযোগব্যবস্থাকে ঘিরে পাহাং, তেরেঙ্গানু ও কেলান্তান রাজ্যে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির প্রত্যাশা করছেন দেশটির অর্থনীতিবিদরা।
প্রকল্পটি বাস্তবায়িত হলে পূর্ব ও পশ্চিম মালয়েশিয়ার মধ্যে পণ্য পরিবহনে নতুন সংযোগ তৈরি হবে। বিশেষ করে কুয়ানতান বন্দর ও পোর্ট ক্লাংয়ের মধ্যে রেলভিত্তিক যোগাযোগ প্রতিষ্ঠিত হলে আমদানি-রপ্তানি, শিল্পকারখানার সরবরাহ এবং পণ্য পরিবহনে নতুন সুযোগ সৃষ্টি হতে পারে।
ব্যাংক মুয়ামালাত মালয়েশিয়ার প্রধান অর্থনীতিবিদ ড. মোহাম্মদ আফজানিজাম আবদুল রশিদ মনে করেন, ইসিআরএল পূর্বাঞ্চলের অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে প্রকল্পটির প্রকৃত সুফল পুরোপুরি পেতে কয়েক বছর সময় লাগবে।
অন্যদিকে সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক ড. ইয়াহ কিম লেংয়ের মতে, রেলপথ চালুর পর স্টেশনকেন্দ্রিক ব্যবসা, পর্যটন ও স্থানীয় বিনিয়োগে প্রাথমিক পরিবর্তন দেখা যেতে পারে। বিশেষ করে সেরেনদাহ এলাকায় নতুন অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকদের ধারণা, উন্নত যোগাযোগব্যবস্থার ফলে পরিবহন ব্যয় কমার পাশাপাশি শিল্প ও কৃষিপণ্যের বাজার সম্প্রসারিত হবে। একই সঙ্গে আবাসন, পর্যটন, উৎপাদন ও খনিজসম্পদ খাতেও বিনিয়োগের সুযোগ তৈরি হতে পারে।
প্রকল্পটির প্রথম পর্যায়ে সেলাঙ্গরের গোমবাক থেকে কেলান্তানের কোটা বারু পর্যন্ত রেল চলাচল চালুর পরিকল্পনা রয়েছে। দ্রুতগতির এক্সপ্রেস সার্ভিসে নির্দিষ্ট দুটি স্টেশনে যাত্রাবিরতি দিয়ে পুরো পথ পাড়ি দিতে প্রায় চার ঘণ্টা লাগবে। আর সব ১৪টি স্টেশনে থামবে এমন ট্রানজিট সার্ভিসে সময় লাগবে প্রায় পাঁচ ঘণ্টা ৩০ মিনিট।
পরবর্তী পর্যায়ে সেরেনদাহ, পুঞ্চাক আলম ও কাপার হয়ে পোর্ট ক্লাং পর্যন্ত রেলপথ সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ আগামী বছরের ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সামগ্রিকভাবে ইসিআরএল মালয়েশিয়ার যোগাযোগ অবকাঠামোয় নতুন মাত্রা যোগ করার পাশাপাশি পূর্বাঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।






