গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মশার কয়েল থেকে সূত্রপাত হওয়া এই আগুনে কয়েকটি দোকান পুড়ে ছাই হয়েছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত ও সময়োচিত পদক্ষেপে প্রায় ১০ লাখ টাকার মালামাল অক্ষত রাখা সম্ভব হয়েছে।
শনিবার (৩১শে অক্টোবর) ভোর ৪টার দিকে নগরীর কোনাবাড়ীর দেওয়ালিয়াবাড়ী এলাকার নদেজ আলী ভান্ডারীর গলিতে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে কোনাবাড়ী মর্ডান ফায়ার স্টেশনের দুই ইউনিটের দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়া আগুনের লেলিহান নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
কোনাবাড়ী মর্ডান ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রয় ৩০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
আগুনে মোট ৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে ১টি ওষুধের দোকান, ৩টি মনোহারী দোকান এবং ৩টি ভাঙারির দোকান। আগুনে পুড়ে আনুমানিক ৫ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি। প্রাথমিক তদন্তে অসাবধানতাবশত জ্বালানো মশার কয়েল থেকেই এই অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছিল বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।





