গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরের সদর থানার হারিনাল নোয়াগাঁও এলাকায় স্বামী ও সতীনের বিরুদ্ধে মারধর, বাড়ি থেকে বের করে দেওয়া এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন মোছা. মালেকা বেগম (৬০) নামে এক নারী। এ ঘটনায় তাঁর স্বামী মো. শাহজাহান, স্বামীর দ্বিতীয় স্ত্রী মোছা. শেফালী বেগমসহ অজ্ঞাতপরিচয় আরও তিন থেকে চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় ৪৫ থেকে ৪৬ বছর আগে ইসলামী শরিয়াহ অনুযায়ী মো. শাহজাহানের সঙ্গে মালেকা বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে মো. মাসুদ রানা (৪২) ও মো. মামুন হোসেন (৩৬) নামে দুই ছেলে রয়েছে। তাঁরা দুজনই বিবাহিত।
মালেকা বেগমের দাবি, প্রায় ৩০ বছর আগে তিনি তাঁর বাবা-মায়ের কাছ থেকে যৌতুক হিসেবে ১০ কাঠা জমি পেয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁর স্বামী ওই জমি বিক্রি করে দেন। অভিযোগে তিনি জমিটির বর্তমান আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা বলে উল্লেখ করেছেন।
অভিযোগে আরও বলা হয়, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে স্বামীর সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এ কারণে তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে হতো বলে দাবি করেন তিনি। মালেকার অভিযোগ, প্রায় তিন বছর আগে তাঁর অজান্তে শাহজাহান শেফালী বেগমকে বিয়ে করেন। পরবর্তী সময়ে স্বামী ও সতীনের কারণে তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তাঁকে তালাক দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মালেকা বেগমের অভিযোগ, গত ২৮ সেপ্টেম্বর ২০২৬ বিকেল আনুমানিক ৩টার দিকে নোয়াগাঁও এলাকার বাড়িতে অবস্থানকালে শাহজাহান ও শেফালী বেগম অজ্ঞাতপরিচয় তিন থেকে চারজনের সহযোগিতায় তাঁকে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। এ সময় তাঁকে হত্যার হুমকি দেওয়া হয় এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার ভয় দেখানো হয় বলেও অভিযোগে উল্লেখ করেছেন তিনি। এ ছাড়া, প্রায় এক বছর আগে তাঁর দুই ছেলেকেও বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল বলে দাবি করেন মালেকা বেগম।
এ ঘটনায় সাক্ষ্য-প্রমাণ রয়েছে বলে দাবি করে মালেকা বেগম জানান, বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার পর তিনি থানায় অভিযোগ দায়ের করতে এসেছেন।
তবে এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য ও পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে। অভিযোগগুলোর সত্যতা যাচাই ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত প্রয়োজন।





