গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের রাজেন্দ্রপুর নান্দুয়ান এলাকায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ। গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল ওই মিছিলে নেতৃত্ব দিয়েছেন।
গেল শুক্রবার (৩রা জুলাই) দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল জাতীয় উদ্যানের ৩নম্বর গেইটে থেকে মিছিল শুরু করে রাজেন্দ্রপুর বাজার এলাকায় গিয়ে শেষ হয়। ওই মিছিলে প্রায় পৌনে দুই’শতাধিক নেতাকর্মীরা অংশ নিতে দেখা গেছে।
মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন মোড়ল। এ সময় তাঁরা স্লোগানে বলেন, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। তুমি কে, আমি কে বাঙালি বাঙালি। মুজিব তোমার স্মরণে, ভয় করিনা মরণে। মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। গণতন্ত্রের মানসকন্যা, জননেত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা, শেখ হাসিনা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে তাঁরা হাতে করতালি দিতে দিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিকে এগিয়ে যান।
পরে তাঁরা সংক্ষিপ্ত পথসভাও করেন নাসির মোড়লের নেতৃত্বে। সংক্ষিপ্ত পথসভায় নাসির মোড়লকে বলতে শোনা যায়, আজকে গাজীপুরের মাটিতে আপনারা উপস্থিত হয়ে যে ভালোবাসা দেখিয়েছেন সে জন্য আপনাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। এই গাজীপুরের মাটিতে একটাই আইন চলবে, সে আইন হলো, শেখ হাসিনার আইন। আমাকে মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমি নাসির মোড়ল শেখ হাসিনার সৈনিক। আমি নাসির মোড়ল শেখ হাসিনার কর্মী। এই বাংলাদেশে যতদিন পর্যন্ত শেখ হাসিনা না আসবে, আমি আপনাদেরকে আশ^স্ত করছি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে জয় বাংলার বিজয় আমরা ছিনিয়ে আনবোই আনব।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, মিছিলের বিষয়টি জেনেছি। বিভিন্ন ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।
গাজীপুর জেলা পুলিশের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, মিছিলটি আমাদের থানা এলাকায় হয়নি, এটি মেট্রোপলিটন (জিএমপি) এলাকায় হয়েছে। তারপরও আমরা ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।





