কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজার ছুটি বাড়ানোসহ একাধিক দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর থেকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকার ‘ইন্টারন্যাশনাল ট্রেডিং সার্ভিস লিমিটেড’ (স্ট্যান্ডার্ড গ্রুপ)-এর শ্রমিকরা রাস্তায় নেমে অবস্থান নেন। এতে কোনাবাড়ী-পল্লী বিদ্যুৎ আঞ্চলিক সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং চরম ভোগান্তিতে পড়েন পথচারী ও চালকরা।
শিল্প পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সরকারি ছুটির সাথে অতিরিক্ত আরও একদিন ছুটির দাবিতে এই আন্দোলন শুরু হয়। একই প্রতিষ্ঠানের অন্য শাখায় তিন দিনের ছুটি দেওয়া হলেও এই শাখায় মাত্র একদিন ছুটি দেওয়ায় ক্ষোভ জানান শ্রমিকরা। ছুটির পাশাপাশি বেতনের ক্যাশআউট খরচ দেওয়া, শুক্রবার সাপ্তাহিক ছুটি বহাল রেখে ওই দিন কাজের বদলে ওভারটাইম দেওয়া, কাজের সময় শেষে বিনা পারিশ্রমিকে বাড়তি ডিউটি না করানো, শ্রমিকদের বসার চেয়ার ফিরিয়ে দেওয়া এবং অসুস্থ হলে চিকিৎসার সুযোগ দেওয়ার দাবিও জানান তারা। এছাড়া শ্রমিক ছাঁটাই বন্ধ, স্টাফদের খারাপ ব্যবহার বন্ধ এবং কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার অপসারণ দাবি করেছেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মুঠোফোন রিসিভ না করায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, ছুটির দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকদের সড়ক অবরোধ অব্যাহত ছিল।




