নাটোর সংবাদদাতা:
দীর্ঘ প্রায় দুই বছর ধরে সংস্কারের অভাবে নাটোর পৌরসভার সকল গুরুত্ব্পূর্ণ রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
সামান্য বৃষ্টিতেই রাস্তাগুলো খানাখন্দ পানিতে তলিয়ে গিয়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন হাজারো পথচারী, শিক্ষার্থী, চাকরিজীবী ও যানবাহন চালক।
সরেজমিনে দেখা গেছে, শহরের ৩নং ওয়ার্ড চকরামপুর, ভবানীগঞ্জের মৌড় হতে বলারীপাড়া রাস্তার পিচ ও খোয়া উঠে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে এসব গর্ত ছোট পুকুরে পরিণত হওয়ায় কোথায় রাস্তা আর কোথায় গর্ত তা বোঝা
কঠিন। ফলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। 
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষা মৌসুম শুরু হওয়ার আগেই দুর্ভোগ বেড়েছে। মোটরসাইকেল, রিকশা ও ইজিবাইক চালকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। পানিতে ঢেকে থাকা গর্তে পড়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। পথচারীদেরও কাদা ও নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।
ব্যবসায়ী ও পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ভাঙাচোরা সড়কের কারণে যানবাহনের যন্ত্রাংশ দ্রুত নষ্ট হচ্ছে, বেড়েছে রক্ষণাবেক্ষণ ব্যয় ও যাতায়াতের সময়। এতে ব্যবসা-বাণিজ্য এবং স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কগুলোর বেহাল অবস্থার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও দৃশ্যমান কোনো সংস্কার কাজ হচ্ছে না। বরং প্রতিটি বৃষ্টির সঙ্গে জনদুর্ভোগ আরও বাড়ছে।
নাগরিকদের দাবি, বর্ষা মৌসুমে সাময়িক মেরামত নয়, টেকসইভাবে সড়ক সংস্কার এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আগামী দিনে দুর্ভোগ আরও ভয়াবহ আকার ধারণ করবে বলে আশঙ্কা তাদের।
এ বিষয়ে সংশ্লিষ্ট নাটোর পৌরকর্মকর্তার মো. আমিনুর রহমানের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।





