এম রানা, গাজীপুর:
গাজীপুরের সরকারি সেবা কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে দেখা যাচ্ছে, সদ্য নিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
বিভিন্ন দপ্তরে তাঁর আকস্মিক পরিদর্শন ও শাস্তিমূলক পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে অনেকটাই স্বস্তি ফিরলেও আতঙ্কে রয়েছেন অসাধু কর্মকর্তা-কর্মচারীরা।
এরই অংশ হিসেবে গত ১০ আগস্ট গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি কার্যালয়, দ্বিতীয় যুগ্ম সাব-রেজিস্ট্রারের কার্যালয় এবং জেলা রেজিস্ট্রারের কার্যালয় সরেজমিনে পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে এজলাস, রেকর্ড রুম ও নকলখানার নথি পরীক্ষা করেন এবং কাজের অবহেলা ও বালাম বই লেখায় অনিয়ম দেখে চরম অসন্তোষ প্রকাশ করেন।
এর আগে কাশিমপুর ভূমি অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়ে দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে চারজন সরকারি কর্মকর্তা-কর্মচারীকে বরখাস্ত করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন সংবেদনশীল দপ্তরে আকস্মিক ও ছদ্মবেশে অভিযান পরিচালনা করে আসছেন এই কর্মকর্তা। বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
২০২৬ সালের মার্চে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে পদায়ন পান ২৫তম ব্যাচের বিসিএস এর এই কর্মকর্তা। প্রশাসনে যোগদানের পূর্বে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সাংবাদিক হিসেবে কাজ করেছেন তিনি।
সম্প্রতি সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় পরিবহন সেক্টরের শব্দদূষণ নিয়ন্ত্রণে নিজের গাড়ী থেকেই সচেতনতার সূচনা করেন ডিসি নূরুল করিম ভূঁইয়া। তাঁর গাড়ী বিনা প্রয়োজনে হর্ন বাজাবে না এমন ঘোষণার পর পরিবেশ রক্ষা ও শান্ত নগরী গঠনে তাঁর এই উদ্যোগকেও সাধুবাদ জানান সর্বমহল।
সাব-রেজিস্ট্রি ও ভূমি অফিসের মতো জনগুরুত্বপূর্ণ স্থানে ঘুষ এবং হয়রানি বন্ধে জেলা প্রশাসকের এমন আপসহীন ও দৃশ্যমান পদক্ষেপে স্থানীয়দের মাঝে অনেকটাই প্রশাসনের প্রতি আস্থা ফিরে পেয়েছে।





