গাজীপুর জেলা সংবাদদাতা:
গাজীপুরের কোনাবাড়ি জরুন এলাকার অবস্থিত ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট-২) শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে পুনরায় চালু করেছে কারখানা কর্তৃপক্ষ। শনিবার (৪ জুলাই) সকাল থেকে শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন।
কারখানা কর্তৃপক্ষের জারি করা এক নোটিশে বলা হয়, শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে আজ ৪ জুলাই থেকে ইসলাম গার্মেন্টস লিমিটেড (ইউনিট-২) পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সব শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীকে যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হয়ে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে বলা হয়। এর আগে গেল ১লা জুলাই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের ধর্মঘটের কারণ দেখিয়ে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন।
উল্লেখ্য, গেল ২৭ জুন কারখানার নারী শ্রমিক রুবিনা বেগম (৫০) কাজে যোগ দেয়ার পর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে প্রথমে কারখানার মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে কোনাবাড়ি ক্লিনিক এবং সেখান থেকে ঢাকা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিন শ্রমিকদের অভিযোগ ছিল, কর্তৃপক্ষের অবহেলার কারণে রুবিনা বেগমের মৃত্যু হয়েছে। ওই নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির প্রেক্ষাপটে কারখানাটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। চার দিন পর আজ শনিবার থেকে কারখানাটিতে উৎপাদন কার্যক্রম আবারও শুরু হয়েছে।
কারখানার ডিজিএম তানভীর আহমেদ বলেন, শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে আজ থেকে কারখানা খুলে দেয়া হয়েছে। সকাল থেকে শ্রমিকরা স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছেন। তবে নিহত শ্রমিক রুবিনা বেগমের স্বজনদের যেহেতু কোনো অভিযোগ নেই। তাই নিয়মনুযায়ী তাঁর পাওনাদী স্বজনদের হাতে বুঝিয়ে দেয়া হবে।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন (পিপিএম) বলছেন, আজ শনিবার ইসলাম গার্মেন্টস (ইউনিট-২) খুলে দেয়া হয়েছে। শ্রমিকরা স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করছে।





